এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা অব্যাহত রাখার প্রতিবাদে রাজপথে নেমেছেন রাজধানীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন, যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর বেলা পৌনে ১টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশের বাধার মুখে কিছুক্ষণ অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর শিক্ষার্থীরা সেখান থেকে ফিরে যেতে বাধ্য হন। শিক্ষার্থীদের এই আন্দোলনে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সংহতি জানান।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে: দুর্যোগের প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রশাসন কোনো পূর্বপ্রস্তুতি নেয়নি। জলাবদ্ধতা ও দুর্যোগের মধ্যেও পরীক্ষা সচল রাখায় অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং কোমরসমান পানি মাড়িয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে, যা তাদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করেছে। সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম জানান, সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ায় এবং যাতায়াতের চরম ভোগান্তির কারণে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন।

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে দেশের ৫৯ জেলায় এইচএসসি পরীক্ষা চলমান থাকলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষাগুলো আগেই স্থগিত করা হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin