শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য করা প্রত্যর্পণের অনুরোধটি ভারত সরকার খতিয়ে দেখছে। শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) দ্বি-সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়সওয়াল নিশ্চিত করেছেন যে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি ভারত পেয়েছে। তিনি বলেন, হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি এবং সেটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই এই অনুরোধটি যথাযথভাবে বিবেচনা করা হবে।

একই সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়ালকে আরও একটি প্রশ্ন করা হয়। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সংসদ নির্বাচনের আগে এক রাজনীতিক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ থেকে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধ ভারত পেয়েছে কি না। এর জবাবে মুখপাত্র জানান, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারছেন না। জয়সওয়াল বলেন, আমি এখনই এটি নিশ্চিত করতে পারছি না। বিষয়টি আমাকে যাচাই করে দেখতে হবে।

ওই প্রশ্নকারী সাংবাদিক অবশ্য নিহত রাজনীতিক বা অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। তবে রণধীর জয়সওয়াল পুনরায় জোর দিয়ে বলেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণ অনুরোধই সংশ্লিষ্ট আইনি বিধান এবং বিচারিক প্রক্রিয়া অনুসারেই পরীক্ষা করে দেখা হয়।

কন্টেন্ট: সংগৃহীত