ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিভিন্ন প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনার জন্য নিজের ভুলের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। মরক্কোর রাবাতে অনুষ্ঠিত জরুরি এক বৈঠকে ফিফার শীর্ষ নির্বাহীদের কাছ থেকে সমর্থন পাওয়ায় তিনি সভাপতির পদে বহাল থাকছেন। ক্রমবর্ধমান সমালোচনার মুখে বুধবার রাবাতে অবস্থিত ফিফার আফ্রিকা কার্যালয়ে ব্যবস্থাপনা বোর্ডের সদস্যদের নিয়ে এই জরুরি বৈঠক ডাকেন ইনফান্তিনো। বৈঠক শেষ হওয়ার চার ঘণ্টা পরই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে।
ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমসহ ব্যবস্থাপনা বোর্ডের সদস্যরা ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এর আগে উয়েফা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে বলে জানায় এবং ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবটিকে অস্বচ্ছ ও গোপন কক্ষের চুক্তি হিসেবে আখ্যায়িত করে। যদিও মঙ্গলবার কর্মীদের উদ্দেশে পাঠানো অভ্যন্তরীণ স্মারকে ম্যাথিয়াস গ্রাফস্ট্রম পুরো পরিস্থিতিকে দুঃখজনক ও নিন্দনীয় বলে বর্ণনা করেছিলেন, তবে বৈঠকের পর তিনি ইনফান্তিনোর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। ইনফান্তিনো ও গ্রাফস্ট্রম ফিফার সহ-সভাপতি, কাউন্সিল এবং ২১১টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে যৌথ চিঠি পাঠিয়ে ভবিষ্যতে এমন ভুল না করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ফিফা স্বীকার করেছে যে, এফএফই-সংক্রান্ত প্রক্রিয়ায় ভুল ছিল এবং সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে বাদ দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। সংস্থাটি জানিয়েছে, বিষয়গুলো ভিন্নভাবে পরিচালনা করা উচিত ছিল। তবে ফিফা সাফ জানিয়েছে, সংস্থাটির সুশাসন ও সততা নিয়ে কোনো ধরনের আক্রমণ তারা সহ্য করবে না। মরক্কোর সমর্থনের বিনিময়ে ইনফান্তিনো দেশটিকে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দ্য টাইমস যে দাবি করেছে, ফিফা তা মিথ্যা ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে।
ইনফান্তিনোর নেতৃত্বের বিরুদ্ধে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি ও সাবেক তারকা লুইস ফিগোসহ আরও অনেকে সমালোচনা করেছেন। লুইস ফিগো তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তবুও ৫৬ বছর বয়সী ইনফান্তিনো ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য পুনর্নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদ্বন্দ্বীরা প্রার্থিতা জমা দিতে পারবেন। ফিফা পুনরায় নিশ্চিত করেছে যে, ভুল হলেও তাদের সব কার্যক্রম ফিফার বিধিমালার সম্পূর্ণ অনুসারেই করা হয়েছে।
ইনফান্তিনো আগে প্রস্তাব দিয়েছিলেন, নতুন সহযোগী প্রতিষ্ঠান ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)-এর মাধ্যমে পুরুষ ও নারী বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় সমর্থন দিলে প্রতিটি সদস্য অ্যাসোসিয়েশনকে ৪ কোটি ডলার দেয়া হবে। ফিফা জানায়, বুধবারের বৈঠকে এফএফই-সংক্রান্ত ভুলগুলো স্বীকার করা হয়েছে। সংস্থাটি
এছাড়া ফিফা স্বীকার করেছে, প্রস্তাবটি গণমাধ্যমে ফাঁস হওয়ার পরও কিছু ভুল হয়েছে। গত ২৮ জুলাই দ্য টাইমস প্রথম ইনফান্তিনোর পরিকল্পনার খবর প্রকাশ করে। তবে একই সঙ্গে ফিফা জানিয়েছে, সংস্থার সততা, সুশাসন ও যথাযথ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের আক্রমণ আর সহ্য করা হবে না। নিজেদের নাম ও সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।

