গ্রীষ্ম মৌসুমের চতুর্থ তাপপ্রবাহের কবলে পড়েছে ইতালি। সোমবার দেশটির ২৫টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। চলতি গ্রীষ্মে এটিই কোনো তাপপ্রবাহের ঘটনায় সর্বোচ্চ সংখ্যক শহরে একসঙ্গে জারি হওয়া সতর্কতা। স্থানীয় সংবাদমাধ্যম কোরিয়েরে দেলা সেরা জানিয়েছে, রোববার ২৩টি শহরে এই সতর্কতা থাকলেও সোমবার তা বাড়িয়ে ২৫টিতে উন্নীত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে রেজ্জিও কালাব্রিয়া ও মেসিনা শহর দুটি বর্তমানে এই রেড অ্যালার্টের বাইরে রয়েছে এবং সেখানে ‘ইয়েলো অ্যালার্ট’ বহাল রাখা হয়েছে।
তীব্র এই দাবদাহে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালির মধ্যাঞ্চল ও পো উপত্যকা। অভ্যন্তরীণ এলাকা এবং সার্ডিনিয়া দ্বীপে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া উত্তর ও মধ্য ইতালির কিছু অংশে রাতের তাপমাত্রাও ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করবে, যাকে আবহাওয়াবিদরা ‘সুপার-ট্রপিক্যাল নাইট’ হিসেবে অভিহিত করছেন। রোববার মধ্য ইতালির টের্নি প্রদেশে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমধ্যসাগরের পানির অস্বাভাবিক উষ্ণতা এবং আফ্রিকান অ্যান্টিসাইক্লোনের প্রভাবে এই তীব্র দাবদাহ সৃষ্টি হয়েছে। বর্তমানে ভূমধ্যসাগরের বিস্তীর্ণ এলাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট iLMeteo.it-এর আবহাওয়াবিদ লরেঞ্জো তেদিচি জানিয়েছেন, এই অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা তৈরি করবে, যার ফলে আল্পস ও অ্যাপেনাইন পর্বতমালাজুড়ে বিকেলের দিকে শক্তিশালী বজ্রঝড় হতে পারে।
এদিকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় উমব্রিয়া থেকে কালাব্রিয়া পর্যন্ত অ্যাপেনাইন অঞ্চল এবং সিসিলির অভ্যন্তরীণ এলাকায় সিভিল প্রোটেকশন বিভাগ ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করেছে। একই সঙ্গে দাবদাহের কারণে দাবানলের ঝুঁকি বেড়ে যাওয়ায় সিসিলি ও এমিলিয়া-রোমানিয়া অঞ্চলে কর্তৃপক্ষ ‘অরেঞ্জ অ্যালার্ট’ দিয়েছে। লরেঞ্জো তেদিচি সতর্ক করে বলেছেন, ২০২৬ সালের গ্রীষ্মের এই ভয়াবহ তাপপ্রবাহ থেকে প্রকৃত স্বস্তি পেতে অন্তত আগস্টের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

