কেন্টের অভিজ্ঞ অলরাউন্ডার এবং ইংল্যান্ডের সাবেক টেস্ট ব্যাটার জো ডেনলি ২০২৬ মৌসুম শেষে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৪০ বছর বয়সী এই ক্রিকেটার ২০০৪ সালে কেন্টের হয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি ক্লাবটির ক্রিকেট একাডেমির প্রথম দিকের গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম এবং ২০০৭ সালে এজেবাস্টনে ক্লাবটির প্রথম টি-টোয়েন্টি ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিন বছর মিডলসেক্সে কাটানোর পর তিনি নিজের কাউন্টি দলে ফিরে আসেন। ২০২১ সালে ভাইটালিটি ব্লাস্ট ফাইনালে সমারসেটের বিপক্ষে ৩ উইকেটে ৩১ রান এবং ২০২২ সালে মেট্রো ব্যাংক ওয়ান-ডে কাপে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দলকে শিরোপা জেতানোর ক্ষেত্রে তার নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য।
আন্তর্জাতিক ক্রিকেটে ডেনলির ক্যারিয়ার ছিল দুই ভাগে বিভক্ত। ২০০৯ সালে ওয়ানডে ব্যাটার হিসেবে অভিষেক হওয়ার পর, আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলেই উইকেট নেওয়া বিরল খেলোয়াড়দের তালিকায় নাম লেখান তিনি। সেবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ইংল্যান্ডের যাত্রায় তিনি অংশ নিয়েছিলেন। তবে ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়েন এবং দীর্ঘ আট বছর ও ৩৮৪টি আন্তর্জাতিক ম্যাচ মিস করার পর ২০১৮ সালে পুনরায় ডাক পান।
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেকের পর ডেনলি ইংল্যান্ডের টেস্ট দলের ৩ নম্বর পজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৫টি টেস্টে ২৯.৫৩ গড়ে ব্যাট করা ডেনলি ২০১৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেন স্টোকসের ঐতিহাসিক সেঞ্চুরির ম্যাচে অর্ধশতক করেন এবং ওভালে পঞ্চম টেস্টে ক্যারিয়ার সেরা ৯৪ রান করেন।
ইংল্যান্ড সেটআপ থেকে বাদ পড়ার পর তিনি কেন্টের হয়ে নিয়মিত খেলা চালিয়ে যান এবং সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে কেন্ট স্পিটফায়ার্সের হয়ে ৫,০০০ রান করা প্রথম খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। তিনি কেন্টের সাতজন ব্যাটারের মধ্যে একজন, যারা তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন।
নিজের অবসরের বিষয়ে ডেনলি বলেন, দীর্ঘ এই যাত্রার পর ২০২৬ মৌসুম শেষে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি কেন্টকে তার দ্বিতীয় বাড়ি হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে কোচিং ক্যারিয়ার গড়ার ইঙ্গিত দেন। কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক ডেনলিকে আধুনিক যুগের অন্যতম সেরা কেন্ট ক্রিকেটার হিসেবে অভিহিত করে তার দীর্ঘ ক্যারিয়ার ও অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

