উপকূলীয় এলাকায় পাটের বীজ এবং পাট ও পাটজাতীয় আঁশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদের উৎসাহিত করার উদ্দেশ্যে পটুয়াখালীর কলাপাড়ায় একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় অর্ধশতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পাট গবেষণা উপকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।
কর্মশালাটিতে অংশগ্রহণকারী কৃষকদের উন্নত মানের পাটের বীজ উৎপাদন, আধুনিক চাষাবাদের কৌশল, বিভিন্ন রোগবালাই ও পোকামাকড় দমন পদ্ধতি এবং মানসম্মত আঁশ উৎপাদন, যথাযথ সংরক্ষণ ও বাজারজাতকরণ প্রক্রিয়ার ওপর বিস্তারিত ধারণা প্রদান করা হয়। এছাড়া উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও মাটির গুণাগুণ বিশ্লেষণ করে পাট চাষের সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করা হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (পিটিসি) গোলাম মস্তফা, পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার এবং পাট গবেষণা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাক্কীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
