গোপালগঞ্জে দিনের আলোয় ব্র্যাক কর্মকর্তার বাসায় চুরি

গোপালগঞ্জে দিনের বেলাতেই এক ব্রাক কর্মকর্তার বাসা থেকে ল্যাপটপ ও টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী রিজিওনাল ম্যানেজার মো. আব্দুর রহমান সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় আব্দুর রহমান তার পরিবার নিয়ে ভাড়া থাকেন। গতকাল সোমবার সকাল আনুমানিক ১১টা থেকে দুপুর ১টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। এ সময় তিনি এবং তার পরিবারের সদস্যরা বাসার বাইরে ছিলেন। দুপুরের দিকে বাসায় ফিরে তিনি দেখেন, মূল দরজার তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।

আব্দুর রহমান দাবি করেছেন যে, দুর্বৃত্তরা তার বাসা থেকে দুটি ল্যাপটপ এবং নগদ ২৯ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।