যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, যার ফলে বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১২ মিনিটে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭৭ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৯০ দশমিক ৮৭ ডলারে পৌঁছায়। গত ১১ জুনের পর এটিই তেলের সর্বোচ্চ দাম। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছিল, যা এপ্রিল মাসের পর সবচেয়ে বড় সাপ্তাহিক উল্লম্ফন হিসেবে চিহ্নিত হয়েছে।
একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৫ ডলার বা ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৮৪ ডলারে উঠে এসেছে। এটি গত ১২ জুনের পর ডব্লিউটিআইয়ের সর্বোচ্চ দর। গত সপ্তাহে এই অপরিশোধিত তেলের দাম ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছিল, যা মার্চ মাসের শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।
মধ্যপ্রাচ্যে এই উত্তেজনার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাতকে। যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানে হামলা চালানোর পর এই অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ কুয়েত ও বাহরাইনও ইরানের নতুন হামলার খবর জানিয়েছে, যা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

