পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ৪

পেকুয়ায় বাস-সিএনজি সংঘর্ষে ২ জনের মৃত্যু, আহত ৪

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) সকাল নয়টার টার দিকে আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে টইটং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবগঠিত মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)। আহতরা হলেন পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২) ও শাহেদ (২২), এছাড়া নিহত হাসান আলীর পরিবারের সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসের সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ছয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।