মাদক কারবারির পরনের জার্সি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করে গণমাধ্যমে পাঠানোর ঘটনায় বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) এক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম তানজিল আহমেদ, যিনি বিএমপির মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বরত। মঙ্গলবার পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে তাকে শোকজ নোটিশ প্রদান করা হয়।
ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে, যখন নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে কাউনিয়া থানা পুলিশ ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, আটকের সময় রাসেলের পরনে আর্জেন্টিনার দলের জার্সি ছিল। পরবর্তীতে কাউনিয়া থানা পুলিশ তার জার্সি উল্টো করে ছবি তুলে মিডিয়া সেলের কাছে পাঠায়। এর পরপরই এআই প্রযুক্তির অপব্যবহার করে আর্জেন্টিনার জার্সির বদলে ব্রাজিলের জার্সি পরিয়ে সেই ছবি গণমাধ্যমে সরবরাহ করা হয়।
ছবিটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় এবং ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরাও ছবি পরিবর্তনের অভিযোগ তোলেন। পরিস্থিতির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ভুল ছবি প্রত্যাহার করে নেওয়া হয় এবং পরবর্তীতে প্রকৃত ছবি ও সঠিক তথ্য মিডিয়া সেলের হোয়াটস অ্যাপ গ্রুপ ও ই-মেইলের মাধ্যমে পুনরায় পাঠানো হয়।
ঘটনাটি নিয়ে এসআই তানজিল আহমেদ দাবি করেছেন, তিনি বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করেছেন। দায়িত্বশীল পদে থেকে এমন অপেশাদার আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। মিডিয়া সেলের পরিদর্শক মো. মনির হোসেন জানান, কমিশনারের নির্দেশে এসআই তানজিলকে শোকজ করা হয়েছে এবং তাকে মিডিয়া উইং থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
