রায়গঞ্জে মসজিদ কমিটি ও ঈদের মাঠ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কাবাড়িপাড়া এলাকায় মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) জুমার নামাজের আগে কাবাড়িপাড়া শাহী জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদ কমিটি ও ঈদের মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে গড়ায়।

সংঘর্ষে উত্তরপাড়ার বসির উদ্দিনের ছেলে শাহিদুল ইসলাম এবং দক্ষিণপাড়ার নসের শেখের ছেলে রবিউল শেখের মাথা ফেটে যায়। এছাড়া আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে রায়গঞ্জ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।