স্বাস্থ্য নিয়ে জল্পনার জবাবে সালমান খানের পাল্টা প্রশ্ন

বলিউড সুপারস্টার সালমান খানের বয়স ৬০ পার হলেও তাকে ঘিরে ভক্তদের উৎসাহের কোনো কমতি নেই। সম্প্রতি মুম্বাইয়ের একটি সরকারি অনুষ্ঠানে তাকে দেখা যাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জল্পনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে অভিনেতাকে কিছুটা ক্লান্ত ও শীর্ণ দেখাচ্ছিল বলে নেটিজেনদের একাংশ দাবি করেন। এরপরই তার শারীরিক অসুস্থতা, কাজের চাপ কিংবা রাত জাগার অভ্যাস নিয়ে নানা আলোচনার ঝড় ওঠে।

এমন সব জল্পনার মুখে সোমবার গভীর রাতে ইনস্টাগ্রামে নিজের ফার্মহাউসে তোলা কয়েকটি সাদা-কালো ছবি শেয়ার করেন সালমান খান। ছবিগুলোতে তাকে কাউবয় টুপি কিংবা বেরেট টুপিতে শান্ত মেজাজে দেখা গেছে। তবে ছবির চেয়েও তার ক্যাপশনটি বেশি নজর কেড়েছে। গম্ভীর মুখের একটি ছবির সঙ্গে সালমান লিখেছেন, ‘আপ লোগোঁ কি তবিয়ত ক্যায়সি হ্যায়?’—অর্থাৎ, ‘আপনাদের শরীর-স্বাস্থ্য সব ঠিক আছে তো?’

অনুরাগীদের একটি বড় অংশের ধারণা, নিজের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজব ও অযথা আলোচনার পর এভাবেই পরোক্ষভাবে ট্রোলারদের জবাব দিয়েছেন অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই রসবোধের প্রশংসা করেছেন অনেকেই।

অভিনয় জীবনের ব্যস্ততার দিক থেকে সালমান খানকে সামনে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে দেখা যাবে। সালমা খান প্রযোজিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। ছবিটি আগে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে পরিচিত ছিল। বছরের শুরুতে মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়ে গুঞ্জন উঠলেও প্রযোজনা সংস্থা তা নাকচ করে দিয়েছে। রুপালি পর্দায় প্রত্যাবর্তন কিংবা সমালোচকদের জবাব দেওয়া—সবক্ষেত্রেই সালমান খান যে নিজের শর্তেই চলছেন, তার সাম্প্রতিক এই পোস্ট যেন তারই প্রমাণ।