শ্রীলঙ্কার ৫ কারাগারে বিদ্রোহ, নিহত অন্তত ৩: ষড়যন্ত্রের সন্দেহ

শ্রীলঙ্কার কয়েকটি কারাগারে সাম্প্রতিক অস্থিরতার ঘটনাকে সমন্বিতভাবে ঘটানো হয়েছে বলে সন্দেহ করছে দেশটির কর্তৃপক্ষ। এসব ঘটনায় অন্তত তিন বন্দি নিহত হয়েছেন এবং সরকার সম্ভাব্য নাশকতা ও বড় ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছে বলে জানিয়েছে।

শুক্রবার পার্লামেন্টে জননিরাপত্তা মন্ত্রী আনন্দ উইজেপালা জানান, নেগোম্বো, মাহারা, ম্যাগাজিন, কুরুভিটা ও পাল্লানসেনা কারাগারে সম্প্রতি সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, “সব ঘটনা একসঙ্গে বিবেচনা করলে এগুলো পরিকল্পিত নাশকতা এবং একটি ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছে।” প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ও অপরাধী চক্রের কর্মকাণ্ড এসব অস্থিরতার তাৎক্ষণিক কারণ হতে পারে।

এর আগে বৃহস্পতিবার রাতে ম্যাগাজিন কারাগারে প্রায় ৪০ জন বন্দি একটি ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন। ওই ঘটনায় একজন বন্দি নিহত হন এবং আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

একইভাবে শুক্রবার কুরুভিটা কারাগারেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে নিরাপত্তা জোরদার করা হয় এবং পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এই ঘটনায় অন্তত দুইজন নিহত এবং আরও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। তবে হতাহতের বিস্তারিত কারণ বা অস্থিরতার সূত্রপাত সম্পর্কে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কিছু জানাননি।

শুক্রবার পাল্লানসেনা কারাগারে বন্দিরা ছাদে উঠে বিক্ষোভ শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিক্ষোভের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, সব ঘটনার পেছনে একই ধরনের পরিকল্পনা বা সমন্বিত কর্মকাণ্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

কন্টেন্ট: সংগৃহীত