শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ, জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং এইচএসসি পরীক্ষা পুনর্নির্ধারণের দাবিতে জাতীয় সংসদ ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের সামনে পৌঁছান এবং সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে তারা সংসদ ভবনের উদ্দেশে রওনা হন।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বিকাল ৫টার দিকে সায়েন্সল্যাবে তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি দাবি জানান, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে যে পরীক্ষা হয়েছে এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তিনি।
উল্লেখ্য যে, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করে আসছেন।

