বন্যা পরিস্থিতি, এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের নিয়ে করা বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী সংসদকে জানান, শিক্ষার্থীদের চেয়েও সরকার বেশি উদ্বিগ্ন যে কীভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া যায় এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলা করা সম্ভব। এ লক্ষ্যেই শিক্ষা মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বর্ষা মৌসুমে পরীক্ষা আয়োজন নিয়ে সরকার শুরু থেকেই সতর্ক অবস্থানে ছিল জানিয়ে তিনি বলেন, কোনো পরীক্ষাকেন্দ্রে পানি ওঠার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের সহায়তায় বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রশাসনিক গাফিলতির কারণে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে বা পরীক্ষা দিতে না পারলে তথ্য যাচাই করে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও মন্ত্রী আশ্বাস দেন। তিনি জানান, এ ধরনের পরিস্থিতির জন্য পর্যাপ্ত বিকল্প প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যেসব কেন্দ্রে ভুলত্রুটি হয়েছে, সেখানেও আইন অনুযায়ী পুনঃপরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। তোমরাই দেশের ভবিষ্যৎ। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।’

