সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে। বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে এই কূটনৈতিক উদ্যোগ চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আল-শারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের একটি সমঝোতা ভবিষ্যতে একটি বিস্তৃত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে পারে।
আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। আল-শারা জোর দিয়ে বলেন, সম্ভাব্য এই চুক্তির ফলে অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার যে অধিকার রয়েছে, তা কোনোভাবেই ক্ষুণ্ন হবে না এবং ওই ভূখণ্ডের দাবি সিরিয়া কখনোই ছেড়ে দেবে না।
তিনি আরও জানান, বর্তমান সিরিয়া সরকার ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলার নীতি অনুসরণ করছে। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকারের পতনের পর ক্ষমতায় আসেন আল-শারা। এরপর থেকেই দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে একাধিক সামরিক অভিযান ও বিমান হামলার ঘটনা ঘটেছে।

