কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহৃত এক পল্লি চিকিৎসক ৮ দিন পর ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে মুক্তি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ ও ভুক্তভোগীর পরিবার।
অপহৃত কামাল উদ্দিন ওরফে বিএ কামাল (৬৫) বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। গত ২৮ জুন দুপুরে একদল সশস্ত্র দুর্বৃত্ত পাহাড়ি এলাকা থেকে এসে কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গহীন পাহাড়ি এলাকার দিকে চলে যায় অপহরণকারীরা।
পরিবারের সদস্যরা জানান, অপহৃত চিকিৎসককে ছাড়িয়ে আনতে শেষ পর্যন্ত জমি বন্দক রেখে মুক্তিপণের টাকা জোগাড় করতে হয়েছে। গত ৬ জুলাই মুক্তি পাওয়ার পর কোথায় নিয়ে যাওয়া হয়েছিল জানতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এদিকে, ঘটনার পর থেকে কামাল উদ্দিনকে উদ্ধারে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালালেও তাকে উদ্ধার করতে সক্ষম হননি। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পল্লি চিকিৎসক ফিরে আসার বিষয়টি তিনি শুনেছেন, তবে মুক্তিপণের লেনদেনের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
উল্লেখ্য, টেকনাফে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনা নতুন নয়। এর আগেও বহু কৃষক, শিক্ষক ও ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে এই এলাকায়।
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১০: ২২আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০: ২২
গত রোববার দুপুর ১টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকাস্থ নিজ বাড়ি থেকে দিন দুপুরে অপহরণ করে গহিন পাহাড়ি এলাকার দিকে নিয়ে যায় স্বশস্ত্র ডাকাতদল।

