এআই কোনো একক দেশের আধিপত্যের বিষয় নয়: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নে একক কোনো দেশের আধিপত্যের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। সাংহাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সের (ডব্লিউএআইসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এআই-এর বিকাশ কোনো একটি দেশের একক পারফরম্যান্স হওয়া উচিত নয়, বরং এটি হওয়া প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতার একটি মেলবন্ধন। তিনি জাতীয় নিরাপত্তার ধারণাকে এআই খাতে অতিরঞ্জিত না করার আহ্বান জানান এবং এক দেশের নিরাপত্তাকে অন্যের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার বিপক্ষে অবস্থান নেন। এই সম্মেলনে ৩টি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সম্মেলনে শি জিনপিং জোর দিয়ে বলেন, এআই প্রযুক্তিকে সর্বদা মানুষের নিয়ন্ত্রণে রাখতে আইন, প্রবিধান, প্রযুক্তিগত পর্যবেক্ষণ এবং জরুরি সতর্কবার্তা ব্যবস্থা থাকা অপরিহার্য। তিনি প্রযুক্তি উন্নয়নে একটি জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমানে চীনের এআই মডেলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী প্রযুক্তিগুলোর সাথে প্রতিযোগিতা করছে এবং সাশ্রয়ী খরচের কারণে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করছে। তবে সামরিক ক্ষেত্রে এআই-এর ব্যবহার, হ্যাকার ও সন্ত্রাসীদের সম্ভাব্য হুমকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই বৃহস্পতিবার চীনসহ ২৯টি দেশ মিলে একটি আন্তঃসরকার এআই সহযোগিতা গ্রুপ গঠনের চুক্তি স্বাক্ষর করেছে। সাংহাইয়ে সদর দপ্তর বিশিষ্ট এই 'ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজেশন'-এর লক্ষ্য হলো এআই-এর সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর উন্নয়ন নিশ্চিত করা।

চার দিনব্যাপী এই সম্মেলনে চীনের ৯৫০টিরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সেখানে এআই চিপ থেকে শুরু করে স্বয়ংক্রিয় অ্যাপ চালিত স্মার্টফোন পর্যন্ত প্রায় ৩,০০০ পণ্য প্রদর্শিত হচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীনের এআই বাজারে গত ৩০ মাসে টোকেন ব্যবহারের পরিমাণ ১৭৭ গুণ বেড়েছে। এছাড়া ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের তথ্যমতে, ২০২৪-২৫ সালে জেনারেটিভ এআই-এর ক্ষেত্রে চীন সর্বোচ্চ ২৫টি প্রধান প্রযুক্তি খাতে ৪৩,০০০টিরও বেশি পেটেন্ট ফাইল করেছে।

হেলো চায়না টেকের পো ঝাওয়ের মতে, যদিও উন্নত চিপ এবং অবকাঠামোর দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে, তবুও চীন তাদের সবচেয়ে শক্তিশালী ও ব্যাপক প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। সিমেস-এর মতো আন্তর্জাতিক কোম্পানিগুলো এখন মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বদ্ধ সিস্টেমের পরিবর্তে চীনের সাশ্রয়ী ও কাস্টমাইজযোগ্য ওপেন-সোর্স মডেলগুলো গ্রহণ করছে।

কন্টেন্ট: সংগৃহীত