জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর গ্রেপ্তার পলাতক মেজর মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) জানিয়েছে, গত বুধবার মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, দীর্ঘ ৪৫ বছর ধরে মোজাফফর পলাতক ছিলেন এবং অবশেষে তাঁকে ধরা সম্ভব হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোর্ট মার্শালের জন্য তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দলের স্থানীয় বিরোধ মেটানোর উদ্দেশ্যে ঘটনার আগের দিন চট্টগ্রামে গিয়েছিলেন।