বিশ্বজুড়ে বাংলা গান ও সংস্কৃতির চর্চা প্রসারের লক্ষ্যে অনলাইনে সংগীত শিক্ষা কার্যক্রম চালু করেছে দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ‘সংগীত-পরিচয়’ শীর্ষক ছয় মাস মেয়াদী এই দূরশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ঢাকার বাইরের শিক্ষার্থী এবং প্রবাসীরা এখন থেকে ছায়ানটের প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নতুন ধারার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির আওতায় লোকসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও সরগম বিষয়ে পাঠদান করা হবে। প্রতি রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা এই উদ্যোগকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘শিশু-কিশোর’ ও ‘সাধারণ’—এই দুই বিভাগে ইতিমধ্যে ১২১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে দেশের বাইরের শিক্ষার্থীদের মধ্যে উত্তর আমেরিকা থেকে ১২ জন, ইউরোপ থেকে ৭ জন এবং অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে ৯ জন সংগীতানুরাগী এই কার্যক্রমে অংশ নিচ্ছেন।

