ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে শোবিজ অঙ্গনে নতুন করে গুঞ্জন চাউর হয়েছে। শোনা যাচ্ছে, দেশের একজন নামকরা ব্যবসায়ীর সঙ্গে নাকি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত পূজা চেরির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এর আগেও চলতি বছরের শুরুর দিকে পূজার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছিল। প্রায় দুই বছর আগে গোপনে বাগদান সম্পন্ন হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন যে তিনি এনগেজড। সে সময় তিনি জানিয়েছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সেই বাগদত্তার পরিচয় তখন প্রকাশ করেননি এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের অভিনীত কয়েকটি সিনেমার পোস্টারের সঙ্গে একটি ছবি পোস্ট করে পূজা লিখেছেন, প্রতিটি চরিত্র তাকে নতুন কিছু শিখিয়েছে এবং প্রতিটি সিনেমা তাকে আরও শক্ত করেছে। ভক্তদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রেখেছেন, কোনটি এখানে নেই তা অনুমান করতে পারেন কি না। তার এই রহস্যময় পোস্ট ঘিরে নতুন কোনো সিনেমা কিংবা জীবনের নতুন অধ্যায় নিয়ে জল্পনা তৈরি হলেও, বিয়ে বা ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি। উল্লেখ্য, ‘পোড়ামন টু’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া পূজা চেরিকে সর্বশেষ ‘দম’ সিনেমায় দেখা গেছে।

