অভিনয়ের নিজস্ব শৈলী দিয়ে ভারত ও পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর এবার সংগীতের জগতে নতুন পরিচয় তৈরি করলেন তারকা অভিনেত্রী হানিয়া আমির। দীর্ঘ এক দশকের অভিনয় জীবন পেরিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রথম গান ‘পাবলো’ প্রকাশ করেছেন। এই গানের মাধ্যমে তিনি অভিনয়ের বাইরেও নিজের সৃজনশীল প্রতিভার নতুন দিগন্ত উন্মোচন করলেন।
পাঞ্জাবি র্যাপ ধাঁচের এই গানটির সুর ও কথা হানিয়া নিজেই সাজিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলা বিভিন্ন ট্রোল, সমালোচনা এবং ‘ভুয়া’ তকমা দেওয়ার মতো নেতিবাচক বিষয়গুলোর বিপরীতে নিজের আত্মবিশ্বাসী অবস্থান তুলে ধরেছেন তিনি। সমালোচকদের পাত্তা না দিয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকার বার্তাই এই গানে ফুটে উঠেছে।
গানটির সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন বলিউডের আলোচিত ব্যক্তিত্ব রাখি সাওয়ান্ত। গানের শেষ অংশে (আউট্রো) একটি ভয়েস নোটের মাধ্যমে রাখি হানিয়াকে সমর্থন জানিয়ে বলেন, “হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?” রাখি তাঁকে ‘স্বর্গের কন্যা’ ও ‘সিংহী’ হিসেবে অভিহিত করে পরামর্শ দিয়েছেন, যারা তাঁর সৌন্দর্য দেখে ঈর্ষান্বিত হয়, তাদের কথায় কান না দিয়ে সাহসের সঙ্গে শত্রুদের মোকাবিলা করে এগিয়ে যেতে।
হানিয়ার প্রথম সংগীতে রাখি সাওয়ান্তের এই অপ্রত্যাশিত উপস্থিতি ও সংহতি প্রকাশের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভারত ও পাকিস্তানের ভক্ত এবং সমালোচকদের মাঝে এই গানটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

