৫টি অভিন্ন নদীর প্রবাহ আটকে রেখে বাংলাদেশকে কৃত্রিমভাবে পানিশূন্য করে ফেলার গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ অভিযোগ তোলেন। ‘সকল অভিন্ন নদীর প্রবাহের ন্যায্য অধিকার কায়েমের দাবিতে’ এই সভার আয়োজন করেছিল আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন টাচিং সোলস ইন্টারন্যাশনালের (টিএসআই) সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
তিস্তা নদীর প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, আমাদের তিস্তা অববাহিকা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, পাশাপাশি টিপাইমুখ বাঁধ নিয়েও নানা ষড়যন্ত্র চলছে। তিনি জোর দিয়ে বলেন যে, কূটনৈতিক সম্পর্ক থাকা জরুরি হলেও আমাদের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। দীর্ঘ ৫৫-৫৬ বছর ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। পানির অধিকার আদায়ে এখন প্রতিবাদ ও আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি। ৫৫-৫৬ বছর ধরে অনেক আলাপ-আলোচনা হয়েছে, তাতে কোনো কাজ হয়নি।
১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা চুক্তিতে শুষ্ক মৌসুমে অন্তত ৮০ শতাংশ পানি পাওয়ার ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তা ছিল। অথচ ৯৬-এর চুক্তিতে সেই ধারা বাদ দিয়ে একটি ফাঁকিবাজির দলিল করা হয়েছিল। ভারতের প্রখ্যাত প্রকৌশলী কপিল ভট্টাচার্যের সতর্কবার্তার কথা উল্লেখ করে তিনি বলেন, ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাবে গঙ্গার প্রবাহ পরিবর্তন হয়েছে, যার ফলে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলাও এখন ঝুঁকিতে রয়েছে।
মওলানা ভাসানীর ১৯৭৬ সালের ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণ করে জাতীয় স্বার্থ ও দেশের আত্মমর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রিজভী। আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।

