রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে এই কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হলো এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর অর্থ হলো, সরকারি অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই কলেজ স্থাপনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রজ্ঞাপনটির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনকেও সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

