যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যামাজনের ড্রোন ডেলিভারি সেবায় এক অদ্ভুত ও বিব্রতকর ঘটনা ঘটেছে। রিচমন্ডের বাসিন্দা লিন্ডসে অস্টেন জানান, ড্রোনের মাধ্যমে প্যাকেজ আসার নোটিফিকেশন পাওয়ার পর তিনি বাড়ির বাইরে গিয়ে পুরো ঘটনাটি নিজের চোখে দেখেন। তার ভাষ্যমতে, বাড়ির পেছনে ড্রোনের শব্দ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন ড্রোনটি সুইমিং পুলের ওপর স্থির হয়ে আছে। মুহূর্তের মধ্যেই ড্রোনটি প্যাকেজটি সরাসরি পানির ভেতরে ছেড়ে দেয়। এই দৃশ্য দেখে তিনি একেবারেই হতবাক হয়ে গিয়েছিলেন। এমন তিক্ত অভিজ্ঞতার পর ভবিষ্যতে আর ড্রোনের মাধ্যমে পণ্য নিতে তিনি আগ্রহী নন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, ড্রোনটি প্যাকেজ নিয়ে বাড়ির পেছনের আঙিনায় পৌঁছায়। এরপর কোনো সতর্কতা ছাড়াই সুইমিং পুলের ওপর থেকে প্যাকেজটি নিচে ফেলে দিলে সেটি সরাসরি পানিতে গিয়ে পড়ে। অ্যামাজন কর্তৃপক্ষ এই ঘটনাটিকে একটি বিরল ত্রুটি হিসেবে চিহ্নিত করেছে। কোম্পানির মুখপাত্র অ্যালি পেইন জানিয়েছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ড্রোন ডেলিভারি ব্যবস্থাকে আরও উন্নত ও নির্ভুল করার চেষ্টা চলছে।
অ্যামাজনের এই ড্রোন ডেলিভারি ব্যবস্থার মূল লক্ষ্য হলো ছোট আকারের পণ্য দ্রুত গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া। ড্রোনগুলো সর্বোচ্চ ৫ পাউন্ড বা ২ দশমিক ৩ কেজি ওজনের প্যাকেজ বহন করতে সক্ষম। এই সেবার আওতায় নির্দিষ্ট এলাকায় অর্ডার দেওয়ার পর মাত্র ৩০ মিনিটের মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোম্পানিটির লক্ষ্য অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের প্রায় ৫০০টি শহরে এই ড্রোন ডেলিভারি সেবা চালু করা হবে।
ড্রোন প্রযুক্তি দ্রুত সম্প্রসারিত হলেও সঠিক স্থানে প্যাকেজ নামানো এবং পণ্য অক্ষত রাখার বিষয়টি এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা বা জটিল অবকাঠামোর মধ্যে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। টেক্সাসের এই ঘটনাটি প্রমাণ করে যে, ড্রোন ডেলিভারি সেবা যত বিস্তৃত হচ্ছে, গ্রাহকের বাড়িতে নিরাপদ ও নির্ভুলভাবে প্যাকেজ পৌঁছে দেওয়ার সক্ষমতা নিয়ে তত বেশি নজর দেওয়া প্রয়োজন।

