আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি জানান, বিশ্ববাজারে নিজেদের পণ্যের পরিচিতি বাড়ানো এবং রপ্তানি সক্ষমতা অর্জনের জন্য আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা এসব মেলায় অংশ নিতে পারেন না। তাদের সহায়তার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন। সেখানে দশম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি মেলা ২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করা হবে। পাশাপাশি ঘরে বসেই যাতে অনলাইনে লাইসেন্স পাওয়া যায়, সেই ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. নাসির খানও সভায় বক্তব্য দেন।