বাংলাদেশের সংগীত অঙ্গনের উদীয়মান শিল্পী অপু আমান বড় পর্দার একটি বিশেষ কাজের সাথে যুক্ত হয়েছেন। দীর্ঘ ২৮ বছর আগে বাসু চ্যাটার্জি পরিচালিত এবং ফেরদৌস অভিনীত কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। সম্প্রতি এই সিনেমার রিমেক সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’ সারা দেশে মুক্তি পেয়েছে। এই নতুন সিনেমাটিতে জনপ্রিয় তিনটি গানে কণ্ঠ দিয়েছেন এবং নতুন করে সংগীতায়োজন করেছেন অপু আমান।
মূল সিনেমার নচিকেতা চক্রবর্তীর কথা ও সুরে জনপ্রিয় গানগুলো হলো— ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’ ও ‘হঠাৎ বৃষ্টি’। এর মধ্যে ‘একদিন স্বপ্নের দিন’ গানে অপু আমানের সাথে সহশিল্পী হিসেবে আছেন অনুপমা মুক্তি। গানগুলোর আধুনিক ও সময়োপযোগী সংগীতায়োজন করেছেন স্বয়ং অপু আমান। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।
নিজের এই প্রাপ্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অপু আমান বলেন, শ্রদ্ধেয় হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। একইসাথে চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ ও হাসান ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিনেমার প্রিমিয়ার শোতে সংগীত পরিচালক ইমন সাহার পাশে নিজের নাম দেখতে পাওয়াটা আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। তারকার ভিড়ে নিজেকে এই বড় প্রকল্পের অংশ হিসেবে দেখে আমি গর্ববোধ করছি। যদিও রিমেক সিনেমাটি অভিনয়ের দিক থেকে মূল সিনেমার উচ্চতায় পৌঁছাতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে, তবে আধুনিক সংগীতায়োজনের কারণে গানগুলো শ্রোতাদের কাছে উপভোগ্য হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

