সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি খুরশীদ আলমের সংগীত জীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সংগীত জগতের একঝাঁক তারকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সংগীতশিল্পী আগুন, মনির খান, রবি চৌধুরী ও আসিফ আকবরসহ অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আশরাফ বাবু এবং তাঁর ভাতিজি উদীয়মান সংগীতশিল্পী সুজানা রূপাও সেখানে অংশ নেন।
আয়োজনের সাংস্কৃতিক পর্বে সুজানা রূপা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। তিনি শিল্পী পলাশের সাথে দ্বৈত কণ্ঠে জনপ্রিয় গান ‘যদি বউ সাজো গো’ পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তটি নিয়ে সুজানা রূপা বলেন, খুরশীদ আলম চাচার সংগীত ভুবনের এই দীর্ঘ ৬০ বছরের পথচলার ঐতিহাসিক অনুষ্ঠানে সুযোগ পাওয়ার জন্য তিনি চাচা আশরাফ বাবুর প্রতি কৃতজ্ঞ। এমন গুণী শিল্পীর সান্নিধ্যে গান গাইতে পারা তাঁর জন্য পরম সৌভাগ্যের বিষয়। অনুষ্ঠান প্রসঙ্গে সুজানা রূপা বলেন, ‘শ্রদ্ধেয় খুরশীদ আলম চাচার সংগীত ভুবনে পথচলার ৬০ বছর পূর্তির এমন ঐতিহ্যবাহী অনুষ্ঠানে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য আমার চাচা আশরাফ বাবুর প্রতি অশেষ কৃতজ্ঞতা।
এদিকে, দীর্ঘ ক্যারিয়ার পেরিয়ে এলেও সংগীতের সাথে খুরশীদ আলমের পথচলা থেমে নেই। চলচ্চিত্রে নতুন গানে কণ্ঠ না দিলেও তিনি নিয়মিত আধুনিক গান গেয়ে যাচ্ছেন। অন্যদিকে, সুজানা রূপা তাঁর নতুন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। তিনি জানিয়েছেন, রাজধানীর আফতাবনগরে তাঁর একক গান ‘রূপকন্যা’র মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। রুস্তম মল্লিকের লেখা ও সুরে গানটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

