আবুধাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক আরএএফ নেক্সট জেন

আগামী ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬, আবুধাবি প্রথমবারের মতো আন্তর্জাতিক আরএএফ নেক্সট জেন (RAF NEXT GEN) ইয়ুথ রেসলিং টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। রিয়েল আমেরিকান ফ্রিস্টাইল (আরএএফ), আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ (ডিসিটি আবুধাবি) এবং সংযুক্ত আরব আমিরাত কুস্তি ফেডারেশনের মধ্যকার একটি অংশীদারিত্বের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের লক্ষ্য হলো তরুণ কুস্তিগীরদের জন্য একটি উন্নত প্লাটফর্ম তৈরি করা, যেখানে তারা আরএএফ ইকোসিস্টেমে নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন।

টুর্নামেন্টের প্রাথমিক বাছাই পর্বগুলো ১৪ নভেম্বর এনওয়াইইউ (NYU) আবুধাবিতে অনুষ্ঠিত হবে। এরপর ১৫ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব স্থানান্তরিত হবে ইয়াশ আইল্যান্ডের ইতিহাদ এরিনায়। এর ফলে সেরা উদীয়মান কুস্তিগীররা সেই একই ম্যাটে লড়ার সুযোগ পাবেন যেখানে বিশ্বের নামী-দামী পেশাদার কুস্তিগীররা প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, একই দিনে ইতিহাদ এরিনাতে খামজাত চিমায়েভ ও কোলবি কোভিংটনের মতো তারকারা মূল আরএএফ আবুধাবি ইভেন্টে অংশ নেবেন।

প্রতিযোগিতাটি চারটি বয়স ভিত্তিক বিভাগে বিভক্ত—অনূর্ধ্ব ১১, ১৩, ১৫ এবং ১৭। এর মধ্যে অনূর্ধ্ব ১৩ ও ১৫ বছর বয়সীদের জন্য মেয়েদের কুস্তি বিভাগও অন্তর্ভুক্ত করা হয়েছে। আরএএফ-এর প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা চ্যাড ব্রনস্টেইন জানিয়েছেন, তাদের লক্ষ্য কেবল একটি পেশাদার লিগ গঠন করা নয়, বরং পুরো কুস্তি খেলাটির মান উন্নয়ন করা। তরুণ অ্যাথলেটদের বিশ্বমঞ্চে নিয়ে আসার এই উদ্যোগ কুস্তির বিকাশে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ডিসিটি আবুধাবির ইভেন্টস, রিটেইল ও কুলিনারি সেক্টরের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ফাখরি আলসাররাজ বলেন, আবুধাবি কেবল বিশ্বমানের খেলাধুলা আয়োজন করতেই আগ্রহী নয়, বরং খেলাধুলার দীর্ঘমেয়াদী উন্নয়নে এমন প্লাটফর্ম তৈরি করতে চায় যা বিশ্বজুড়ে ফেডারেশনগুলোকে সংযুক্ত করবে। এটি আবুধাবিকে কমব্যাট স্পোর্টসের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

সংযুক্ত আরব আমিরাত কুস্তি ফেডারেশনের সেক্রেটারি জেনারেল শেখ হামদান বিন সাইদ বিন তাহনুন আল নাহিয়ান মনে করেন, তরুণ প্রজন্মকে প্রস্তুত করাই কুস্তির দীর্ঘমেয়াদী উন্নতির মূল চাবিকাঠি। এই টুর্নামেন্ট তরুণ অ্যাথলেটদের জন্য শক্তিশালী পথ তৈরি করবে এবং আমিরাতের ক্রীড়া অবকাঠামোকে আরও সুদৃঢ় করবে।

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা আরএএফ নেক্সট জেন এখন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তরুণ কুস্তিগীর, কোচ এবং ফেডারেশনগুলোর জন্য এটি একটি আদর্শ জায়গা, যেখানে তারা নিজেদের সংযোগ ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ পান। আগ্রহী প্রতিযোগীরা নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন, তবে প্রতিটি বিভাগে আসন সংখ্যা সীমিত রাখা হয়েছে।