সংযুক্ত আরব আমিরাতে এয়ার স্পোর্টসের প্রসারে অঙ্গীকারবদ্ধ ফেডারেশন

গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক এয়ার স্পোর্টস দিবস পালনের সময় সংযুক্ত আরব আমিরাত অ্যারোস্পোর্টস ফেডারেশন দেশটিতে জাতীয় প্রতিভা উন্নয়ন, এয়ার স্পোর্টসে অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মানোন্নয়নের বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই প্রচেষ্টার মূল লক্ষ্য হলো নিরাপত্তার মান নিশ্চিত করার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করা।

ফেডারেশনের প্রেসিডেন্ট নাসের হামুদা আল নেয়াদিন জানিয়েছেন, তারা তরুণ মেধাবীদের খুঁজে বের করা, ক্রীড়াবিদদের সহায়তা প্রদান এবং উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার পাশাপাশি নিয়মিত চ্যাম্পিয়নশিপ আয়োজনের কাজ করছেন। তিনি জানান, দেশের বিজ্ঞ নেতৃত্বের সহায়তায় ও ভিশন বাস্তবায়নে সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক অঙ্গনে এয়ার স্পোর্টসের বিভিন্ন ইভেন্টে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম ও নারীদের এয়ার স্পোর্টসের প্রতি আগ্রহী করে তোলা এবং একটি নিরাপদ পরিবেশে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

এশিয়ান এয়ার স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট এবং আমিরাত অ্যারোস্পোর্টস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ আল হাম্মাদি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ফেডারেশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, দক্ষতা বিনিময় এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে এয়ার স্পোর্টসের প্রচার সহজতর হবে। স্কাই ডাইভিং, প্যারাগ্লাইডিং, প্যারামোটরিং, মডেল এয়ারক্রাফট এবং ড্রোন উড্ডয়নের মতো বিভিন্ন ডিসিপ্লিন থাকায় এই খাতে নতুনদের যুক্ত হওয়ার ব্যাপক সুযোগ রয়েছে, যা কমিউনিটির সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে।

ফেডারেশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইউসুফ জানিয়েছেন, প্রযুক্তিগত ও প্রশাসনিক জনবল তৈরি এবং প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা ফেডারেশনের বর্তমান পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। স্থানীয় ক্লাব ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এয়ার স্পোর্টস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে ফেডারেশন কাজ করে যাচ্ছে। একইসঙ্গে প্রতিযোগিতার মান বজায় রাখা এবং নিরাপত্তার সকল প্রয়োজনীয় শর্ত পূরণে কঠোর প্রতিশ্রুতিবদ্ধ তারা। তিনি সফলভাবে ইভেন্ট আয়োজনে অ্যাথলেট, প্রশিক্ষক, রেফারি এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন।