ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি টাকা বরাদ্দ, দ্বিতীয় কিস্তি ছাড়

দেশের ৪,৫৮৮টি ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এই অর্থ বরাদ্দ করা হয়। এর মধ্যে সাধারণ বরাদ্দ বা বিবিজি খাত থেকে ১৮০ কোটি ৭৮ লাখ ৭৫ হাজার টাকা দ্বিতীয় কিস্তি হিসেবে ছাড় করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। গত ১৭ নভেম্বর এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করা হয়।

মঞ্জুরি আদেশ অনুযায়ী, চলতি অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা খাতে মোট ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ৭২৩ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বরাদ্দের জন্য নির্ধারিত।

ছাড় করা অর্থ উত্তোলনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসককে সরকারি মঞ্জুরি আদেশ (জিও) অনুসরণ করে টিআর ফরম নম্বর-৩২-এ বিল প্রস্তুত করতে হবে। এই বিলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক এবং বিলটি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে জমা দিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

অর্থ ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা ও উপজেলা হিসাবরক্ষণ অফিস ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে সরাসরি অ্যাকাউন্ট পে-ইং চেক ইস্যু করবে। বরাদ্দের অর্থ ব্যয় ও উত্তোলনের প্রতিটি হিসাব ক্যাশবুক ও রেজিস্টারে যথাযথভাবে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১, সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) ২০২৫ এবং অন্যান্য প্রচলিত আর্থিক নীতিমালার কঠোর অনুসরণ নিশ্চিত করতে হবে। কোনো কারণে অর্থ অব্যয়িত থাকলে তা আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত জমা দিতে হবে।

এই আর্থিক মঞ্জুরি আদেশের অনুলিপি অর্থ বিভাগের সচিব, সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং দেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। সকল সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই বরাদ্দ প্রক্রিয়ার যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।