ইতালিতে একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠার দাবি জানাল বাংলা প্রেসক্লাব

ইতালিতে বসবাসরত প্রবাসী বাঙালির নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বাংলা প্রেসক্লাব ইতালির নেতৃবৃন্দ। পাঠাভ্যাস ধরে রাখতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আয়োজকরা।

বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা পাঞ্জেরী পাবকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লেখক কামরুল হাসান শায়ক ইতালি সফর উপলক্ষে আয়োজিত এক আলাপচারিতা অনুষ্ঠানে এই দাবি উত্থাপন করা হয়। রোববার সন্ধ্যায় রোমের সিলেট কাফি শপে আয়োজিত এই সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিনহাজ হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহ-সভাপতি মাইনুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, কবি ও সাহিত্যিক আলতাফ হোসেন, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আলাউদ্দিন শিমুল, নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদসহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসের কর্মব্যস্ত জীবনে মাতৃভাষার সাথে সংযোগ বজায় রাখতে বইয়ের বিকল্প নেই। সংবর্ধিত অতিথি পাঞ্জেরী পাবকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়ক প্রবাসীদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে ইতালিতে পাঠাগার প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।