ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এই তথ্য জানিয়েছে।
দ্য ডন ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২-এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হলেও, ইসরায়েলি সেনারা বর্তমানে যেসব এলাকা দখল করে আছে, সেখান থেকে তাদের প্রত্যাহারের কোনো আদেশ জারি করা হয়নি। চ্যানেল ১২ আরও উল্লেখ করেছে যে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে। তবে, হামলা বন্ধের নির্দেশ কখন থেকে কার্যকর হবে বা এর আওতায় কোন ধরনের সামরিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে।
ইরানের সামরিক কমান্ড আরও জানায়, এই পদক্ষেপকে ‘প্রথম ধাপ’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এটি একটি প্রতিক্রিয়া। তারা সতর্ক করে দিয়েছে যে, যদি এই ধরনের ‘আগ্রাসন’ চলতে থাকে, তবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
