শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রিয়াদ থেকে আসা রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটিকে ওয়াটার স্যালুটের মাধ্যমে ঢাকায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
এই নতুন রুটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে সংযুক্ত করা এবং যাত্রীদের জন্য বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করাই রিয়াদ এয়ারের মূল লক্ষ্য। এই নতুন সার্ভিস ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি বাণিজ্য ও অবকাশ—উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ব্যবহার করে প্রতিদিন ঢাকা ও রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইটের সময়সূচি অনুযায়ী, রিয়াদ থেকে ফ্লাইটটি রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। অন্যদিকে, ঢাকা থেকে ফ্লাইটটি সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে রিয়াদ পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

