উন্নয়নকাজে ঠিকাদারদের গাফিলতি নিয়ে সংসদে ডেপুটি স্পিকারের ক্ষোভ

সরকারি উন্নয়নকাজে ঠিকাদারদের গাফিলতি, কাজ না করে ফেলে রাখা এবং সঠিক তদারকির অভাব নিয়ে জাতীয় সংসদে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নিজের সংসদীয় এলাকার উন্নয়নকাজের বর্তমান অবস্থাকে ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করে তিনি ক্ষোভ জানান। এ পরিস্থিতি উত্তরণে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) সরেজমিনে মাঠে গিয়ে নিয়মিত কাজ পরিদর্শনের নির্দেশনা দেওয়ার জন্য সংসদে গুরুত্বারোপ করেন তিনি।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান তাঁর বক্তব্যে এলাকার নানা জনদুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁর এই বক্তব্যের পরপরই ডেপুটি স্পিকার নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদে বলেন, বছরের পর বছর পার হয়ে গেলেও অনেক জায়গায় উন্নয়নকাজের কোনো অগ্রগতি হয় না। আবার কোথাও কাজ শুরু করা হলেও পরবর্তীতে ঠিকাদারদের আর খুঁজে পাওয়া যায় না—এমন ঘটনা প্রায়ই ঘটছে। নিজের নির্বাচনী এলাকার চিত্র বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “আমাদের কনস্টিটিউয়েন্সিতে কী বলব? আমি তো এই জায়গা থেকে বলতে পারি না অনেক কিছু। বাট ইটস এ ভয়াবহ অবস্থা।” এ সময় তিনি প্রকল্প পরিচালকদের সরাসরি মাঠে উপস্থিত হয়ে অগ্রগতির তদারকি নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।

এর আগে সংসদে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মো. কামরুল হাসান ফুলবাড়িয়া এলাকার বিভিন্ন রাস্তার বেহাল পরিস্থিতি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এলজিইডি সহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে সড়ক, কালভার্ট ও অবকাঠামোগত উন্নয়নে প্রচুর অর্থ বরাদ্দ দেওয়া হয়। তবে কার্যাদেশ হাতে পাওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এক থেকে দুই বছর কাজ শুরু করে না। এমনকি কাজ শুরু করার পর তা মাঝপথে ফেলে রাখায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। একই সাথে প্রকল্পের খরচ বৃদ্ধি পাচ্ছে এবং সরকারি অর্থের অপচয় ঘটছে।

উদাহরণ হিসেবে কামরুল হাসান ফুলবাড়িয়ার সনকান্দা সড়কের কথা তুলে ধরেন। তিনি জানান, সড়কটি এক বছর ধরে খানাখন্দে ভরা অবস্থায় রয়েছে। কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বা কাউকে সেখানে পাওয়া যায় না, ফোনেও কোনো যোগাযোগ সম্ভব হয় না। একই ধরনের স্থবিরতা দেখা গেছে মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কেও। এ ধরনের অনিয়ম রোধে কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের দ্রুত জবাবদিহির আওতায় আনা এবং নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজ শেষ করার জোর দাবি জানান তিনি।

সড়কের স্থায়ী স্থায়িত্ব নিশ্চিত করতে রাস্তার পাশে পুকুর খনন বন্ধের দাবিও তোলেন এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, রাস্তার একদম গা ঘেঁষে পুকুর খনন করে মাছ চাষ করার ফলে নতুন নির্মিত সড়কও ৬ মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই সমস্যা দূর করতে রাস্তা থেকে অন্তত ১০ থেকে ১৫ ফুট দূরত্ব বজায় রেখে পুকুর খননের আইন বা বিধান কার্যকর করার আহ্বান জানান কামরুল হাসান।