এআইয়ের নজরদারি এড়াতে নতুন ‘গোস্ট ফন্ট’ উদ্ভাবন করলেন কম্পিউটার বিজ্ঞানী

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের এই সময়ে তথ্যের গোপনীয়তা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে চ্যাটবটসহ বিভিন্ন এআই টুল মানুষের লেখা ও ছবি অনায়াসেই বিশ্লেষণ করতে পারে। এই সমস্যার সমাধানে কম্পিউটার বিজ্ঞানী এরিক লু এমন এক অদ্ভুত ফন্ট তৈরি করেছেন, যা এআইয়ের নজরদারি এড়িয়ে কেবল মানুষের কাছেই পাঠযোগ্য থাকে।

এরিক লু তার উদ্ভাবিত এই প্রযুক্তির নাম দিয়েছেন ‘গোস্ট ফন্ট’। এটি প্রচলিত কোনো ফাইল ফরম্যাটের ফন্ট নয়, বরং একটি চিত্রভিত্তিক যোগাযোগ মাধ্যম। এই ফন্টটি স্থির কোনো অক্ষরের পরিবর্তে গতির সমন্বয়ে বার্তা প্রদর্শন করে। এতে গতি, ভিডিও, শব্দ এবং বিভ্রান্তিকর উপাদানের মিশ্রণ ব্যবহার করা হয়েছে, যা মানুষের মস্তিষ্ক সহজে বুঝতে পারলেও এআই মডেলগুলো শনাক্ত করতে পারে না।

এই ফন্টের বিশেষত্ব হলো, এর পিক্সেল বা ডটগুলো কেবল গতিশীল অবস্থায় থাকলেই স্পষ্ট হয়। ভিডিও থামিয়ে দিলে বা স্ক্রিনশট নিলে ডটগুলো একে অপরের সঙ্গে মিশে যায়, ফলে স্থির ছবিতে লেখাটি পড়া অসম্ভব হয়ে পড়ে। নিরাপত্তার বাড়তি স্তর হিসেবে এতে ‘ডিকয় মেসেজ’ বা বিভ্রান্তিকর বার্তা যুক্ত করা হয়েছে। কোনো শক্তিশালী এআই মডেল যদি মূল তথ্য খোঁজার চেষ্টা করে, তবে সেটি ডিকয় বার্তাটিকেই আসল ভেবে ভুল করবে। এরিক লু দাবি করেছেন, ফ্যাবল বা জিপিটি সোল ৫.৬ আলট্রার মতো উন্নত মডেল থেকেও এর মাধ্যমে তথ্য গোপন রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, ক্যাপচা সিস্টেমে এই প্রযুক্তির ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্তমানের অনেক এআই মডেল সহজেই ক্যাপচা সমাধান করে ফেলে, তাই তথ্যের গোপনীয়তা রক্ষায় এই নতুন ফন্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।