ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির তিন পদক জয়

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্স বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড ২০২৬-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে অংশ নিয়ে এসইউ ইনোভেশন হাবের তিনটি দল একটি সিলভার ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। দেশের সরকারি ও বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এই অর্জনের মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগও তৈরি হয়েছে তাদের জন্য।

প্রতিযোগিতার ব্লু এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ‘স্টিংরে হান্টার-এক্স’ দলটি সিলভার পদক জিতেছে। তাদের উদ্ভাবিত ‘অটোনোমাস আন্ডারওয়াটার রোবট উইথ রিভার রিকভারি অ্যান্ড রেসকিউ সিস্টেম’ পানির নিচে স্বয়ংক্রিয় অনুসন্ধান ও উদ্ধারকাজে সক্ষম। এই দলের সদস্য হিসেবে ছিলেন মো. জুনাইদ আহমেদ, আরফাত উজ জামান, এহসান সাজিদ ও রাফসান রাহাত। এদিকে, রোবোটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী ‘এসইউ অ্যাস্ট্রো নোভা’ দল সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহারের উপযোগী ‘রিমোট অটোনোমাস মাইন ডিটেকশন অ্যান্ড ডিফিউশন রোবট ভার্সন-২’ প্রদর্শন করে। এই দলের নেতৃত্বে ছিলেন আকরাম এফ. মনি, রেজাউল করিম, ফজলে রাব্বি ও আরমান।

গ্রিনটেক এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছে ‘রোবো ভেন্ড পিআরএস’ দল। তারা প্লাস্টিক দূষণ রোধে এবং থ্রিডি প্রিন্টিং শিল্পের কাঁচামাল তৈরিতে কার্যকর ‘রিভার্স ভেন্ডিং সিস্টেম’ উপস্থাপন করে। দলের সদস্য হিসেবে ছিলেন আরিফুজ্জামান হৃদয়, খুশি আক্তার, তান্না আক্তার, নূরে আফ্রিদি চৌধুরী ও তাওসিফ আহমেদ। গত এক বছরে এসইউ ইনোভেশন হাবের পরিচালনায় শিক্ষার্থীরা ২০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে এবং একাধিকবার ‘সেরা ক্লাব’-এর স্বীকৃতি পেয়েছে।

বর্তমানে এসইউ ইনোভেশন হাবে পানির নিচে উদ্ধারকারী রোবট ও ফায়ার ফাইটিং রোবটসহ নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাঁচটি রোবট রয়েছে। এছাড়া এসইউ মার্স রোভার টিম তাদের নতুন সংস্করণ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই উদ্ভাবনকেন্দ্রিক কার্যক্রমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. রইস উদ্দিন মোল্লা। গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর নুরুজ্জামান রাকিব এবং মডারেটর হিসেবে আছেন বেসিক সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর ড. এইচ. বি. মুহাম্মদ জুকাউল ইসলাম। চাকরির আরও তথ্য: সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দূরনিয়ন্ত্রিত ও স্বয়ংক্রিয়ভাবে ল্যান্ডমাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার সক্ষমতাসম্পন্ন ‘রিমোট অটোনোমাস মাইন ডিটেকশন অ্যান্ড ডিফিউশন রোবট ভার্সন-২’ প্রকল্প উপস্থাপন করে দলটি।