এশিয়ান গেমস: জাপানে আবাসন সংকটে অ্যাথলেটদের পাশে দাঁড়াচ্ছেন প্রবাসী

জাপানের নাগোয়া এবং আইচি প্রিফেকচারে শনিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। তবে এই প্রতিযোগিতার শুরুতেই আবাসন সংক্রান্ত নানা জটিলতা দেখা দিয়েছে। খরচ সাশ্রয়ের উদ্দেশ্যে জাপান এবার প্রথাগত অ্যাথলেট ভিলেজ তৈরি না করার সিদ্ধান্ত নেয়। এর পরিবর্তে আয়োজকরা হোটেল রুম, অস্থায়ী কাঠের কন্টেইনার স্টাইলের ঘর এবং একটি প্রমোদতরীতে (ক্রুজ শিপ) প্রতিযোগীদের থাকার ব্যবস্থা করেছেন।

গেমসে অংশ নিতে আসা ১৭,০০০ অ্যাথলেট ও কর্মকর্তার অনেকেই এই অস্থায়ী বাসস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ঘরগুলোতে ক্রীড়া সামগ্রী রাখার মতো কোনো জায়গা নেই এবং বিছানাগুলোও অত্যন্ত ছোট। এই পরিস্থিতিতে প্রায় ৫০০ জনের অ্যাথলেট দল পাঠানো ভারত তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে ইতিমধ্যে কন্টেইনার ঘর থেকে হোটেলে সরিয়ে নিয়েছে। আগামী দিনগুলোতে আরও অ্যাথলেট ও সহযোগী কর্মকর্তা এসে পৌঁছালে সংকট আরও বাড়ার আশঙ্কায় বিকল্প পরিকল্পনা হাতে রেখেছে দেশটি।

এশিয়ান গেমসে ভারতের শেফ ডি মিশন এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কোষাধ্যক্ষ সহদেব যাদব এএফপি-কে বলেন, “আমরা এখানে আমাদের অ্যাথলেটদের জন্য হোটেল বুক করেছি। তবে হোটেলের রুম যদি কম পড়ে, তবে অ্যাথলেটদের থাকার জন্য জাপানে বসবাসরত ভারতীয় পরিবারগুলো স্ট্যান্ডবাই প্রস্তুত রয়েছে। তারা আনন্দের সাথে এই তারকাদের নিজেদের ঘরে স্বাগত জানাতে চান।” বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, নাগোয়ায় বসবাসরত প্রায় ২,০০০ পরিবারের সাথে যোগাযোগ করতে জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাস সহায়তা করেছে, যাদের অনেকেই এই উদ্যোগে সাড়া দিয়েছেন।

অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে গেমসের আয়োজকরা দাবি করেছেন যে এই আবাসন ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক। ব্যতিক্রমী ও ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করায় জাপানের প্রশংসা করা উচিত বলেও মন্তব্য করেছেন তারা।