কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত, কঙ্গনা ও প্রভাসের আসার সম্ভাবনা

রাজনৈতিক পট পরিবর্তনের পর পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৩২তম এই আসরের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে রজনীকান্ত ও কঙ্গনা রানাওয়াতকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার নন্দনে সরকারি কমিটির এক প্রস্তুতি বৈঠক শেষে এই তথ্য সামনে আসে। এবারের উৎসবে দক্ষিণী সুপারস্টার প্রভাসের উপস্থিত থাকারও জোরালো সম্ভাবনা রয়েছে। এমনকি উদ্বোধনী মঞ্চে কোনো হলিউড তারকার উপস্থিতি নিয়েও গুঞ্জন চলছে।

চলচ্চিত্র উৎসবটি এবার গতানুগতিক সময়ের চেয়ে কিছুটা দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত তিলোত্তমায় চলবে সিনেমার এই মহোৎসব। প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীসহ চলচ্চিত্র জগতের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, সন্দীপ রায়, রুদ্রনীল ঘোষ ও পাপিয়া অধিকারীর মতো বিশিষ্ট ব্যক্তিরা। মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, উৎসব চলাকালীন পুরো শহরকে বর্ণিল সাজে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে আয়োজক কমিটির। সাধারণত প্রতিবছর নভেম্বর মাসে এই উৎসব হলেও, এবার শীতের আমেজে ১৬ থেকে ২৩ ডিসেম্বর তিলোত্তমায় বসবে সিনেমার এই আসর।

উৎসবের উদ্বোধনস্থল হিসেবে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণকে ভাবা হচ্ছে। এই চত্বরে একটি বিশেষ রেড কার্পেট তৈরি করা হবে এবং আশপাশে রাখা হবে প্রখ্যাত তারকাদের কাটআউট। অতীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধন হলেও, নতুন সরকার এবারের আয়োজনকে জাঁকজমকপূর্ণ করতে কোনো ঘাটতি রাখতে চাইছে না। এছাড়া রাজ্যজুড়ে রাজনৈতিক পরিবর্তনের ছাপ পড়েছে উৎসবের লোগোতেও; আয়োজনের লোগোর রঙ নীল থেকে পরিবর্তন করে গেরুয়া করা হয়েছে। জোর প্রস্তুতি ও ধারাবাহিক বৈঠকের মাধ্যমে উৎসবকে সাফল্যমণ্ডিত করতে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে রাজ্যজুড়ে ক্ষমতার পালাবদলের পর উৎসবের বাহ্যিক আয়োজনেও এসেছে পরিবর্তন।