জন্মদিনে যুক্তরাষ্ট্রে মৌসুমী, জানালেন কেন জাঁকজমক এড়িয়ে চলছেন

আজ ৩ নভেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও ‘প্রিয়দর্শিনী’খ্যাত মৌসুমীর জন্মদিন। প্রায় তিন বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন। সশরীরে দেশে না থাকলেও ভক্ত-অনুরাগীদের উৎসাহ-উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি। ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তের ফ্যান ক্লাবগুলো দিনটিকে ঘিরে বিশেষ আয়োজনের প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও থাকছে বিশেষ চমক ও প্রার্থনার আয়োজন।

জন্মদিন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকেই নিজের অনুভূতির কথা জানিয়েছেন মৌসুমী। তিনি জানান, এবার জন্মদিন নিয়ে বড় ধরনের কোনো জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিকল্পনা নেই। বরং মা, মেয়ে ও বোনদের সঙ্গে নিয়ে ঘরোয়া পরিবেশে সময় কাটানোতেই তিনি বেশি আগ্রহী। নিজেদের মতো করে খাওয়া-দাওয়া ও আড্ডায় কাটাতে চান বিশেষ এই দিনটি।

জাঁকজমক এড়িয়ে চলার কারণ ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, ‘ঢাকায় থাকলে হয়তো ভিন্ন কিছু করার সুযোগ থাকত। তবে ইসলামি জীবনবোধে জাঁকজমকপূর্ণভাবে জন্মদিন উদযাপনের রীতি নেই। এখন আমি তা মেনে চলার চেষ্টা করি। যদিও দেশের ভক্তরা তাদের ভালোবেসে নানা আয়োজন করে, যা আমি দূর থেকে উপভোগ করি। সানীও ঢাকার বাসায় বিশেষ কিছু আয়োজন করে থাকে।’

ছোটবেলার স্মৃতির কথা স্মরণ করে মৌসুমী বলেন, ‘ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে কোনো উৎসব করতেন না, বরং এতিমখানায় খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতেন এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেন। অন্যদিকে আম্মু বাড়িতে আত্মীয়স্বজনদের ডেকে আপ্যায়ন করতে পছন্দ করতেন। আব্বুর সেই মানবিক শিক্ষা ও আম্মুর স্নেহের দিনগুলো আমি দারুণ মিস করি।’

এদিকে ঢাকায় স্ত্রীর জন্মদিন নিয়ে চিত্রনায়ক ওমরসানী জানান, মৌসুমী ও তাদের মেয়ের অনুরোধে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে কিছু ভালো কাজ করছি যা প্রচারের উদ্দেশ্যে নয়, বরং মনের তাগিদ থেকে। ফ্যান ক্লাবের আয়োজনে আমি শুধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব।’

উল্লেখ্য, একসময়ের জনপ্রিয় এই তারকা জুটি ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’ ও ‘রঙিন রঙ্গবাজ’-এর মতো অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।