কুষ্টিয়ায় বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস আহম্মেদ বাপ্পি (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনাস তার মা-বাবার একমাত্র সন্তান ছিলেন এবং একটি বেসরকারি লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের বাহেরাদি গ্রামের জারা (২০) নামের এক তরুণীর সঙ্গে আনাসের বিয়ে সম্পন্ন হয়। বিকেলে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পর থেকেই পরিবারে উৎসবের আমেজ ছিল। রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়েছিল। সেখানে একটি প্যান্ডেলে চেয়ারে বসে থাকা অবস্থায় স্ট্যান্ডফ্যানটি ঘোরানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আনাসের বাবা ইউসুফ আলী একমাত্র সন্তানের বিয়েতে কোনো আয়োজনের কমতি রাখেননি। শুক্রবার (২১ আগস্ট) সকালে তাদের বৌভাত অনুষ্ঠানের আয়োজন চলছিল। এই উপলক্ষে দুটি গরু জবাই করে প্রায় ৮০০ মানুষের খাবারের বিশাল আয়োজন করা হয়েছিল। একটি গরু জবাই করে মাংস প্রস্তুতির কাজও শুরু হয়েছিল। কিন্তু বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুর আড়াইটায় গাছেরদিয়াড় উত্তপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। নতুন বউকে নিয়ে বাসরঘরে যাওয়ার পরিবর্তে শেষ পর্যন্ত তাকে যেতে হলো চিরনিদ্রার গন্তব্যে।