খালেদা জিয়ার সাজে ভ্লগ প্রকাশ করে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী চমক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিচিত সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক সংগ্রামের নানা দিক তুলে ধরেছেন।

ভিডিওটির ক্যাপশনে চমক তাকে ‘গণতন্ত্রের জননী’ এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘হ্যালো বিশ্ব, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প।’ ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে চিত্রায়িত এই ভিডিওতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাসে দেখা গেছে। তার এই সাজসজ্জা ও উপস্থাপনার ভঙ্গি খালেদা জিয়ার পরিচিত অবয়বের সাথে অদ্ভুতভাবে মিলে যাওয়ায় নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। দর্শকরা চমকের অভিনয় দক্ষতা ও নিখুঁত উপস্থাপনার ভূয়সী প্রশংসা করছেন। অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে, চমককে দেখতে অনেকটাই খালেদা জিয়ার মতো লাগছে এবং এর আগে কেউ এত নিখুঁতভাবে তার অবয়ব উপস্থাপন করতে পারেননি। একজন দর্শক লিখেছেন, ভিডিওটি দেখার সময় কিছু মুহূর্তের জন্য মনে হয়েছে যেন সত্যিই খালেদা জিয়াকে দেখা যাচ্ছে।

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি চলতি বছর রাজনীতির মাঠেও চমক বেশ আলোচিত ছিলেন। তিনি বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে এবং আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়ে রাজনৈতিক অঙ্গনে নিজের সক্রিয়তা জানান দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সাল থেকে ছোট পর্দায় নিয়মিত কাজ শুরু করেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে তিনি দর্শকদের মাঝে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।