চায়না ওপেন: দ্বিতীয় রাউন্ডে জয় পেলেন কোকো গফ

তিন সপ্তাহের বিরতি কাটিয়ে কোর্টে ফিরে জয় পেয়েছেন ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট কোকো গফ। শনিবার চায়না ওপেনের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে তিনি ক্যামিলা ওসোরিওকে ৭-৬ (৪), ৪-৬, ৬-২ সেটে পরাজিত করেছেন। গত ১১ সেপ্টেম্বর ইউএস ওপেনের সেমিফাইনালে এলেনা রিবাকিনার কাছে হারের পর এটিই ছিল গফের প্রথম ম্যাচ।

দুইবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন গফ ২০২৩ সালে ইউএস ওপেন এবং ২০২৫ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন, উভয় ফাইনালেই তিনি আরিনা সাবালেঙ্কাকে হারিয়েছিলেন। বেইজিংয়ে আয়োজিত এই ডব্লিউটিএ ১০০০ পর্যায়ের ১২৮ জনের ড্রয়ের টুর্নামেন্টটি আগামী ১১ অক্টোবর শেষ হবে।

এদিকে পুরুষদের এটিপি ৫০০ টুর্নামেন্টে শনিবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আলেক্স ডি মিনাউর ৩-৬, ৭-৬ (৫), ৭-৫ সেটে কোয়েন্টিন হালিসকে হারিয়েছেন।

একই টুর্নামেন্টের অন্য ম্যাচে শীর্ষ বাছাই আলেকজান্ডার জভেরেভ ওয়াইল্ড কার্ড এন্ট্রি শাং জুনচেংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। এছাড়া তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ জান-লেনার্ড স্ট্রাফের বিপক্ষে দিনের পরবর্তী ম্যাচে নামার প্রস্তুতি নিচ্ছিলেন।