চার দিন গ্যাস বন্ধের খবরটি সম্পূর্ণ গুজব: পেট্রোবাংলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকার খবরটি ভুয়া ও গুজব বলে স্পষ্ট করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলায় সরবরাহ সামান্য হ্রাস পেতে পারে, যার ফলে কিছু এলাকায় সাময়িক স্বল্পচাপ সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে বর্তমানে জরুরি মেরামত কাজ চলছে। রিগ্যাসিফিকেশন বন্ধ থাকায় দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে আনুমানিক ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

পেট্রোবাংলা অভিযোগ করে, একটি বিশেষ মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে। এই ধরনের অসত্য তথ্যে কান না দিয়ে সাধারণ মানুষকে সঠিক তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।