চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী। ৪০ বছর বয়সী জিশানই প্রথম কোনো বিদেশি নাগরিক হিসেবে মহাকাশে চীনের এই মিশনে অংশ নিচ্ছেন। বুধবার উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘লং মার্চ-২এফ’ রকেটের মাধ্যমে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে চড়ে তিনি রওনা দেবেন। এই অভিযানে জিশানের সঙ্গী হিসেবে থাকছেন চীনা কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট প্রকৌশলী উ ই। এই মহাকাশযানটিকে বহন করবে একটি ‘লং মার্চ-২এফ’ রকেট।
তিয়ানগং বা ‘স্বর্গের প্রাসাদ’ নামের এই মহাকাশ স্টেশনটি ২০২২ সাল থেকে পুরোপুরি সক্রিয় রয়েছে। পৃথিবীর কক্ষপথে বর্তমানে মাত্র দুটি মহাকাশ স্টেশন রয়েছে, যার একটি নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এবং অন্যটি চীনের এই নিজস্ব স্টেশন। জিশান আলী এই মিশনে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন। মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে তিনি বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করবেন।
মিশনটিতে যোগ দেওয়ার আগে বেইজিংয়ে টানা সাত মাস বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন জিশান। তিনি বলেন, মহাকাশযাত্রার এই সুযোগটি কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং এর মাধ্যমে তিনি পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন। জিশান অল্প সময়ের জন্য স্টেশনে অবস্থান করলেও, শেনঝৌ-২৩ মিশনের কমান্ডার ঝু ইয়াংঝু সেখানে এক বছর অবস্থান করবেন। মানুষের শারীরিক পরিবর্তনের ওপর গবেষণার অংশ হিসেবে তার এই দীর্ঘ অবস্থান কোনো চীনা নভোচারীর জন্য এখন পর্যন্ত রেকর্ড। এক অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’।
২০৩০ সালের মধ্যে নাসার আইএসএস অবসরে যাওয়ার ঘোষণা আসায় বৈশ্বিক মহাকাশ গবেষণায় চীনের প্রভাব ক্রমশ বাড়ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, উন্নয়নশীল দেশগুলোকে মহাকাশ অভিযানের সঙ্গী করে বেইজিং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুসংহত করার কৌশল নিয়েছে। পাকিস্তানসহ বিভিন্ন দেশকে মহাকাশ প্রযুক্তিতে যুক্ত করার মাধ্যমে চীন মূলত তাদের ভূ-রাজনৈতিক প্রভাব বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে।

