বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন চীনের সঙ্গে স্বাস্থ্য খাতের সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন। গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার চীনের হাইনান প্রদেশের হাইকো সিটিতে অবস্থিত হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় আলোচনায় তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবার ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে অত্যন্ত চমৎকার সম্পর্ক বজায় রয়েছে। এ সময় তিনি বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে উন্নতমানের ও আধুনিক হাসপাতাল নির্মাণে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি। মন্ত্রী আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগকারী ও স্বাস্থ্য খাতের যৌথ প্রকল্পের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা প্রদান করবে।
এই সফরকালে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। এছাড়া বাংলাদেশি রোগীদের জন্য হাইনান জেনারেল পিপলস হাসপাতালে বিশেষ চিকিৎসাসুবিধা প্রদান এবং খরচের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। পারস্পরিক এই সহযোগিতা উভয় দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

