জন্মদিনে স্মরণে লোকসংগীতের কিংবদন্তি শিল্পী বারী সিদ্দিকি

বাংলা লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার কিংবদন্তি শিল্পী, গীতিকার এবং বংশীবাদক বারী সিদ্দিকির জন্মদিন আজ, ১৫ নভেম্বর। ১৯৫৪ সালের এই দিনে নেত্রকোনা জেলার এক সংগীতানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবের বড় একটি সময় সংগীতের আবহে কাটানো বারী সিদ্দিকি মাত্র ১২ বছর বয়সে স্থানীয় শিল্পী ওস্তাদ গোপাল দত্তের কাছে আনুষ্ঠানিক তালিম নেওয়া শুরু করেন। পরবর্তীতে তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান এবং পান্নালাল ঘোষের মতো গুণী সংগীতজ্ঞদের সান্নিধ্যে সংগীত ও বাঁশিতে উচ্চতর প্রশিক্ষণ অর্জন করেন।

দীর্ঘদিন সংগীত সাধনা ও বাঁশি বাজানোর সাথে যুক্ত থাকলেও ১৯৯৯ সালে প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গেয়ে তিনি দেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। এই সিনেমার ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’ ও ‘পুবালি বাতাসে’ গানগুলো তাঁকে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দেয়। এর আগে ১৯৯৫ সালে হুমায়ূন আহমেদের ‘রঙের বাড়ই’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রথম জনসমক্ষে বাঁশি বাজিয়ে তিনি সবার নজর কাড়েন।

পরবর্তী সময়ে অসংখ্য একক ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দেওয়ার পাশাপাশি বাঁশির সুর দিয়েও তিনি অগণিত মানুষের হৃদয় জয় করেছেন। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে— ‘রজনী’, ‘দুঃখ রইলো মনে’, ‘অপরাধী হইলেও আমি তোর’ এবং ‘মানুষ ধরো মানুষ ভজো’। সংগীতে অসামান্য অবদান রাখা এই গুণী শিল্পী ২০১৭ সালের ২৪ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিল্পীর জন্মদিন উপলক্ষে আজ দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সংগীতশিল্পী এবং তাঁর অগণিত ভক্ত-অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যম ও নানা আয়োজনের মধ্য দিয়ে তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছেন। লোকসংগীতের এই নক্ষত্র নিজের সৃষ্টি ও সুরের মূর্ছনায় আজও অগণিত ভক্তের মাঝে বেঁচে আছেন।