কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও গীতিকার সঞ্জীব চৌধুরীর স্মরণে আয়োজিত হতে যাচ্ছে ‘হেঁটে গেছি বিরান পথে’ শীর্ষক একটি বিশেষ ট্রিবিউট কনসার্ট। আজব কারখানার উদ্যোগে আগামী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে এই সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হবে। ২০০৭ সালের ১৯ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান এই কালজয়ী শিল্পী। তার ১৯তম মৃত্যুবার্ষিকীর পরদিন আয়োজিত এই বিশেষ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াতে মঞ্চে উঠবেন চার তরুণ শিল্পী—সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। তারা নিজেদের মৌলিক গানের পাশাপাশি সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় সৃষ্টিগুলো পরিবেশন করবেন।
আয়োজকদের মতে, সঞ্জীব চৌধুরীর সংগীতভাবনা ও তার শৈল্পিক সত্তাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই কনসার্টের মূল লক্ষ্য। বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ সঞ্জীব চৌধুরী ‘দলছুট’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ কিংবা ‘কথা বলব না’—তার লেখা ও গাওয়া এসব গান আজও শ্রোতাদের মনে সমান জনপ্রিয়। আয়োজকদের ভাষ্য, সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনাকে সম্মান জানানো এবং তার সৃষ্টিকে নতুন করে স্মরণ করে বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়াই এই কনসার্টের লক্ষ্য। লোকগান ও আধুনিক সংগীতের সংমিশ্রণে তার ভূমিকা বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয়।
শহুরে শ্রোতাদের মাঝে বাংলা লোকগানকে নতুন আঙ্গিকে জনপ্রিয় করার ক্ষেত্রেও তার অবদান অনস্বীকার্য। দলছুট ব্যান্ডের মাধ্যমে তিনি শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ ও ‘তোমার বাড়ির রঙের মেলায়’ গানগুলোকে নতুন প্রজন্মের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিলেন। গান, কবিতা আর জীবনের গভীর দর্শন মিশিয়ে তিনি বাংলা সংগীতে এক অনন্য স্বাক্ষর রেখে গেছেন, যা আজও অমলিন। অনন্য কণ্ঠের মতোই গীতিকার হিসেবেও তিনি ছিলেন স্বতন্ত্র। দলছুটের কণ্ঠে শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ নতুন প্রজন্মের কাছেও ব্যাপক পরিচিতি পায়।
কনসার্ট উপভোগ করার জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে আর্লি বার্ড হিসেবে ৭০০ টাকা এবং অন-স্পট টিকিট ১ হাজার টাকা। আগ্রহীরা বিকাশের মাধ্যমে ০১৫১১২৫৯৫২৫ অথবা ০১৩৩৯৭৬২১৭০ নম্বরে পেমেন্ট করে টিকিট সংগ্রহ করতে পারবেন। পেমেন্ট সম্পন্ন করার সময় রেফারেন্সে নিজের নাম ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করতে হবে।

