সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের কালাই উপজেলায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। ঐতিহাসিক নান্দাইল দিঘি সংলগ্ন নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে বিশালাকার মঞ্চ তৈরি করে অনুষ্ঠানটি ধারণ করা হয়। আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) পর্বটি সম্প্রচার করা হবে।
আলোকসজ্জায় সজ্জিত নান্দাইল দিঘির মনোরম পরিবেশে আয়োজিত এই ধারণ অনুষ্ঠানটি উপভোগ করতে হাজার হাজার দর্শক সেখানে উপস্থিত হন। অনুষ্ঠানস্থলের জায়গা না পেয়ে উৎসুক দর্শকরা আশপাশের বাড়ির ছাদ, সড়ক এবং গাছের ডালে বসে পুরো ধারণ কাজ প্রত্যক্ষ করেন।
এবারের পর্বে পরিবেশিত হবে তিনটি আলাদা ধরনের গান। এর মধ্যে রয়েছে জয়পুরহাটের স্থানীয় শিল্পী খুরশিদ আলমের তিনটি জনপ্রিয় গানের সংকলন, নজরুল বর্ষ উপলক্ষ্যে ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারির দ্বৈত কণ্ঠে নজরুলসংগীত এবং জেলার ঐতিহ্য ও পরিচিতি নিয়ে তৈরি একটি বিশেষ নৃত্যগীত, যা গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি। গানগুলোর সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।
নিয়মিত দর্শক পর্বে জয়পুরহাটের চারজন নির্বাচিত দর্শক স্থানীয় ভাষায় ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’বিষয়ক একটি নাট্যাংশে অভিনয় করবেন। এ ছাড়া এতে জেলার কৃষি, ইতিহাস, দর্শনীয় স্থান, জন্মসূত্রে বাকপ্রতিবন্ধী তিন ভাই, ছাই দিয়ে প্রতিকৃতি গড়া শিল্পী প্রসেনজিৎ বর্মন এবং যশোরের কেশবপুরের সমাজসেবক লেয়াকত আলীর ওপর নির্মিত বিশেষ প্রতিবেদন দেখানো হবে। যথারীতি সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে থাকছে একাধিক হাসির নাট্যাংশ। কেয়া কসমেটিকস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ফাগুন অডিও ভিশন নির্মিত অনুষ্ঠানটির রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত।

