শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে এক জমকালো কাওয়ালী সন্ধ্যার আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই মনোজ্ঞ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপকমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ।
অনুষ্ঠানে জনপ্রিয় কাওয়ালী ও সুফি সংগীত শিল্পী সমীর কাওয়াল এবং সৈয়দ সাজ্জাদ হোসেন আরমান ও তাঁদের দল সংগীত পরিবেশন করেন। তাঁরা ‘আলী আলী মওলা আলী’, ‘পর্দা হ্যায় পর্দা’, ‘আমার দেহ মন বলে নবী নবী’, ‘ইশ্কে নবী দিল মে পয়দা কারো’, ‘দমাদম মাস্ত কালান্দর’ এবং ‘খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা’-সহ বিভিন্ন উর্দু, হিন্দি ও বাংলা কাওয়ালী পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মোহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী এবং মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী।
এছাড়া ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কর্মকর্তাদের মধ্যে কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, এ কে এম মহসীন এবং জাহিদুল ইসলাম রনিসহ অনেকে উপস্থিত ছিলেন।

